বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৭:০৯ পিএম

নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিলের অভিযোগ

ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগেই নিজের ভিসা বাতিল করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন নরওয়ের বিশিষ্ট সাংবাদিক হেলে লিং। সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেলিস্ট ও বক্তা হিসেবে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর আগে নরওয়েতে নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করে আন্তর্জাতিক মহলে আলোচনায় এসেছিলেন এই সাংবাদিক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিওবার্তায় হেলে লিং দাবি করেন যে ভারত সফরের জন্য তার ভিসা আগেই ইস্যু করা হয়েছিল এবং সম্মেলনে যোগ দিতে ওই দিন সকালেই তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর মহলের নির্দেশে শেষ মুহূর্তে তার ভিসা বাতিল করা হয়েছে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের এক যৌথ সংবাদ সম্মেলনে মোদিকে প্রশ্ন করে আলোচনায় এসেছিলেন হেলে লিং। ওই সময় তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন যে বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে ভারতীয় প্রধানমন্ত্রী কেন আগ্রহী নন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিলেন, রাজনৈতিক নেতাদের কঠিন প্রশ্ন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব।

এই ঘটনাকে কেন্দ্র করে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের এক সংবাদ ব্রিফিংয়েও বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানে সাংবাদিক হেলে লিং বারবার ভারতের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলেন এবং একপর্যায়ে জানতে চান যে মানুষ কেন ভারতের কথা বিশ্বাস করবে।

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়ার ঠিক আগমুহূর্তে ভিসা বাতিলের এই অভিযোগ সামনে এল। তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।