শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

নতুন দায়িত্ব পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:৩৯ এএম

নতুন দায়িত্ব পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। মঙ্গলবার সংসদ সচিবালয়ের অনুমোদনক্রমে এই কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তীতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তার মাধ্যমে তিনি এই নতুন দায়িত্ব প্রাপ্তির তথ্য নিশ্চিত করেন।

সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। নবগঠিত এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম। নয় সদস্যের এই গুরুত্বপূর্ণ কমিটিতে ডা. মাহমুদা মিতুর পাশাপাশি অন্যান্য সংসদ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সিরাজগঞ্জ-৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও-২ আসনের মো. আব্দুস সালাম, এবং আবু মসকাউত হাসান।

এছাড়াও নওগাঁ-৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা-২ আসনের মো. আনারুল হক, সংরক্ষিত নারী আসন-২১-এর শামীম আরা বেগম স্বপ্না এবং রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার এই স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ খাতের স্বচ্ছতা এবং মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে এই সংসদীয় কমিটি ভূমিকা রাখবে বলে সংসদ সূত্রে জানা গেছে।