বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
চিরিরবন্দর

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার

এনামুল মবিন(সবুজ)

নভেম্বর ১৮, ২০২৬, ০২:১১ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শিহাব আশেক মাহমুদ কাজী ওরফে মিলন এবং ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শিহাব আশেক মাহমুদ কাজী কুতুবপুর গ্রামের মৃত ইকবাল হোসেন কাজীর ছেলে এবং সাদেকুল ইসলাম ভাদেরা গ্রামের মৃত নছমুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, চিরিরবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ২০ জুন ২০২৬ তারিখে দায়ের করা ওই মামলায় (নম্বর-২২, জিআর নম্বর-১৬১) সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে আসামিরা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ওই নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর বুধবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চিরিরবন্দর থানা পুলিশ তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুর আদালতে সোপর্দ করে।