শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

এনামুল মবিন(সবুজ)

মে ৩০, ২০২৬, ১১:১০ পিএম

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ জন ছাত্র মৃত্যুবরণ করেছে।

শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার পশ্চিমে ৩নং ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রিজে ঘটেছে। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শিগণ ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাণীরবন্দর নিবাসী দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আশরাফুল খালেদ সাগর এর একমাত্র ছেলে ও আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ও তার বন্ধু উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়ার দুলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮) মোটরসাইকেলযোগে সৈয়দপুর থেকে রানীরবন্দর আসার পথে বিপরীত দিক দশমাইল থেকে সৈয়দপুরগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত তাদের সৈয়দপুর কুন্দল হাসপাতালে নিয়ে যায়, পরে রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাদের মৃত্যু ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেল থানার হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদন করলে দ্রুত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।