ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৯ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা ফুলের সোনালি আভা। মাঠের পর মাঠ এবং রাস্তার দু-ধারে হলুদের সমারোহ দেখে কৃষকরা এক বুক আশা নিয়ে দিন গুনছেন। সরিষার ভালো দাম পাওয়া গেলে এবার রেকর্ড পরিমাণ লাভের আশা করছেন স্থানীয় চাষিরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরিষা চাষিরা বর্তমানে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। পোকা দমনে ব্যবহার করা হচ্ছে প্রয়োজনীয় বালাইনাশক। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।
গত বছর প্রতি হেক্টর জমিতে ১ দশমিক ৫৮ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছিল। তবে এবার অনুকূল আবহাওয়া ও উন্নত জাতের কারণে উৎপাদন গত বছরের তুলনায় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এবার মূলত বারি-৯, ১৪, ১৫, ১৭ ও বারি-১৮ জাতের সরিষা চাষ করেছেন কৃষকরা।
তারগাঁও গ্রামের কৃষক রবি চন্দ্র রায় জানান, তিনি এবার ১ একর জমিতে বারি-১৭ ও ১৮ জাতের সরিষা আবাদ করেছেন। গাছের দানা বেশ ভালো হওয়ায় তিনি অধিক ফলনের আশা করছেন। একই গ্রামের কৃষক হরি কান্ত বলেন, বাজারে বর্তমানে সরিষার চাহিদা ভালো। যদি মৌসুমের শেষেও ভালো দাম পাওয়া যায়, তবে উৎপাদন খরচ বাদ দিয়ে বড় অঙ্কের মুনাফা করা সম্ভব হবে।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, সরিষা চাষে উৎসাহিত করতে উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতি ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করছেন। সঠিক পরিচর্যা ও তদারকির মাধ্যমে এবার সরিষার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন