রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:০৬ পিএম

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত

কক্সবাজার সমুদ্রসৈকত। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে।

তিনি বলেন, কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

রোববার কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এটি বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারের পর্যটন খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে এবং এটি একটি আধুনিক আন্তর্জাতিকমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই মাস্টারপ্ল্যানের কাজ শেষ করতে চাই।

এই পরিকল্পনা যেন জনগণের জন্য অর্থবহ হয় এবং স্থানীয় উন্নয়ন ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে, সেদিকে নজর দিতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সভায় কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা, পর্যটন খাতের বর্তমান অবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. হোসাইন মাহমুদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. রুবাইয়াত হায়দার এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।