নভেম্বর ২৯, ২০২৬, ০৩:১৫ পিএম
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে পৃথক যৌথ অভিযান চালিয়ে ৫ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ রোববার সকাল ১০টায় নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির অধিনায়ক জানান, তার ব্যাটালিয়নের অধীন চারুয়াপাড়া ও বিজয়পুর বিওপি পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে।
এর মধ্যে চারুয়াপাড়া বিওপি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া নামক স্থানে গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত চারটি যৌথ অভিযান চালায়।
ওই অভিযানে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ধোবাউড়া থানার চারুয়াপাড়া ডাকঘরের গোবরচুনা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন, একই গ্রামের এনামুল হক, মো. আনোয়ার হোসেন এবং মো. আজহারুল ইসলাম।
অধিনায়কের তথ্য অনুযায়ী, রুবেল হোসেনের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন বিজয়পুর বিওপি সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া নামক স্থানে রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে মো. হারুন মিয়াকে আটক করে।
তিনি নেত্রকোণার দুর্গাপুর থানার রাণীখং ডাকঘরের জগতকুড়া গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধেও পূর্বে তিনটি মামলা রয়েছে।
অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী আরও জানান, চারুয়াপাড়া বিওপির হাতে আটক ৪ জনকে ধোবাউড়া থানা এবং বিজয়পুর বিওপির হাতে আটক ১ জনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ৫ জন চোরাচালানের সাথেও জড়িত বলে জানিয়েছেন তিনি।
সীমান্তপথে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে উল্লেখ করে অধিনায়ক বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন