নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২৫ পিএম
প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শন, ইতিহাস-ঐতিহ্যের সমৃদ্ধ ভাণ্ডার, বৈচিত্র্যময় প্রাকৃতিক শোভা আর আধুনিক বিনোদন কেন্দ্র নিয়ে পর্যটনের এক সম্ভাবনাময় জনপদ কুমিল্লা। জেলার লালমাই-ময়নামতি পাহাড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি, ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছার বাড়ি, প্রাকৃতিক বনাঞ্চল এবং বেসরকারি বিনোদন পার্ক - বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণে সমৃদ্ধ এ জেলা।
পর্যটন ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, পর্যটনকেন্দ্র এবং ব্যবসায়িক সম্ভাবনা দিন দিন বাড়ছে। প্রতিদিন শালবন বিহার, ময়নামতি জাদুঘরসহ অন্যান্য প্রত্নস্থলগুলোতে দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড় জমছে। এতে পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম জানান, দর্শনার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে সঙ্গে এখানকার প্রত্নস্থলগুলোকে ঘিরে পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা দিন দিন বাড়ছে। শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরে দর্শনার্থী বাড়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তিনি বলেন, এ দুটি স্থান দেখতে বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ দর্শনার্থী আসেন। ২০২৫-২৬ অর্থবছরে শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ৩১৭ টাকা। পাশাপাশি অন্যান্য পর্যটনকেন্দ্রেও বছরে লাখ লাখ দর্শনার্থী ঘুরতে আসেন।
মো. শাহীন বলেন, দর্শনার্থীদের আধুনিক ও তথ্যসমৃদ্ধ অভিজ্ঞতা দিতে ময়নামতি জাদুঘরের প্রদর্শনী কেন্দ্র আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি শালবন বিহার ও জাদুঘরের পরিবেশ উন্নত করার কাজও চলমান রয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুমে জেলার দর্শনীয় স্থানগুলোতে বাড়ে দর্শনার্থীদের উপস্থিতি। বর্তমানে পর্যটন মৌসুমকে সামনে রেখে সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন খাতে তৈরি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা আশা করছেন, চলতি পর্যটন মৌসুমে কুমিল্লার সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলো ঘিরে প্রায় ৫০ কোটি টাকা আয় হতে পারে।
কুমিল্লার পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু লালমাই-ময়নামতি পাহাড়। এ অঞ্চলে ছড়িয়ে রয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন। এর মধ্যে রয়েছে শালবন বিহার, ময়নামতি জাদুঘর, ইটাখোলা মোড়, ভূতপুর বিহার, রূপবান মুড়া, চন্দ্রমুড়া, কোটিলামুড়া, আনন্দবিহার ও ভোজবিহারসহ ঐতিহাসিক বহু স্থাপনা। কুমিল্লা নগরী থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকায় অবস্থিত শালবন বৌদ্ধবিহার। প্রায় ৩৭ একর এলাকা জুড়ে বিস্তৃত এ প্রত্নস্থল। প্রায় ১৩০০ বছর আগের বৌদ্ধ সভ্যতার অনন্য নিদর্শন এই বিহার। এটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শনার্থী ছুটে আসেন।
শালবন বিহারের পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন সময়ে খননকাজে পাওয়া প্রাচীন নিদর্শন। এর মধ্যে রয়েছে প্রাচীন মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যের অলংকার, পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির নানা প্রত্ননিদর্শন। ময়নামতি জাদুঘর পর্যটকদের কাছে ইতিহাস জানার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিভিন্ন দেশের সৈন্যদের স্মরণে নির্মিত ময়নামতি ওয়ার সেমেট্রি ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। এটি কুমিল্লা সেনানিবাসের কাছাকাছি অবস্থিত। এখানে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থী ও বিদেশি পর্যটকরা ঘুরতে আসেন।
প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয় ঘটেছে জেলার বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোতেও। লালমাই পাহাড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি বিনোদনকেন্দ্র। এর মধ্যে অন্যতম লালমাই লেকল্যান্ড পার্ক, গোমতী টাওয়ার ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কসহ বেশ কয়েকটি বেসরকারি বিনোদন কেন্দ্র। এগুলো দেখতেও প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
কুমিল্লার ঐতিহাসিক শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘর পর্যটন কার্যক্রমের পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৪-২৫ অর্থবছরে এলাকা থেকে রাজস্ব আয় হয়েছিল ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকা। ওই সময়ে দর্শনার্থীর সংখ্যা ছিল চার লাখ ৭৪ হাজার ৪৭৮ জন।
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী রাশিদুল মুরসালিন বলেন, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর দর্শন আমাদের ইতিহাস সম্পর্কে ধারণা দেয়। তিনি বলেন, আমি এ জায়গাটি দেখতে এসেছি। এখানে এসে ইতিহাসের অনেক কিছু জানতে পারছি। নোয়াখালীর চাটখিল থেকে আসা ব্যাংক কর্মকর্তা রেদুয়ানুর রহমান রনি বলেন, ময়নামতি জাদুঘর ঘুরে প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছি। আমি এ জায়গাটি ঘুরে ভীষণ মুগ্ধ হয়েছি। কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার শ্যামল সাহা বলেন, অনেক আগে এই প্রত্নস্থল পরিদর্শন করেছিলাম। তাই এবার ছেলেকে নিয়ে এসেছি। শালবন বিহার দেখে ছেলে খুব খুশি। ঢাকার খিলক্ষেত থেকে আসা দর্শনার্থী মাহফুজুর রহমান বলেন, অনেক দিন ধরে শালবন বিহার ও ময়নামতির ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শুনেছি। তাই ঘুরতে এসেছি। এখানে এসে অনেক ভালো লেগেছে।
কুমিল্লার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে এসেছেন। বিশেষ করে লালমাই পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি বেড়েছে। এগুলোতে বিনোদন ছাড়াও খাবারসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। লাভ ফর ট্যুরিজম বাংলাদেশের সভাপতি ও লালমাই লেকল্যান্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. মফিজুল ইসলাম বলেন, প্রতিদিন তার পার্কে এক থেকে দেড় হাজার দর্শনার্থী আসছেন। তিনি বলেন, কুমিল্লা পর্যটন শহর হিসেবে গড়ে উঠছে। টুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় পর্যটন মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। এ সময় পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ঘোরাফেরা নিশ্চিত করতে বিশেষ তদারকি করা হয়। স্থানীয় হকার বা দোকানিদের মাধ্যমে কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে। তিনি বলেন, শালবন বিহারসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। ভ্রমণপিপাসুদের নির্বিঘ্নে ভ্রমণের জন্য সব ধরনের নিরাপত্তা দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, পুরো প্রত্নতাত্ত্বিক এলাকার বিভিন্ন স্থানে পূর্ণাঙ্গ মানচিত্র স্থাপন করা হয়েছে। এছাড়া শালবন বিহার ও ময়নামতি জাদুঘরের কাছে রয়েছে জলপানের ব্যবস্থা, বিশ্রামের জায়গা ও স্বাস্থ্যসম্মত খাবারের হোটেল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম জানান, পর্যটকদের সেবার পরিধি আরও বাড়ানো এবং বিদ্যমান সুযোগ-সুবিধা আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। এছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের মতে, ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদন - এই তিনের সমন্বয়ে কুমিল্লার পর্যটন খাতের সম্ভাবনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর যথাযথভাবে সংরক্ষণ, পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও খাবারের সুবিধা সম্প্রসারণ করা গেলে এ অঞ্চলে দেশি-বিদেশি পর্যটকের আগমন আরও বাড়বে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন