রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

কেঁচো সারে বাজিমাত উদ্যোক্তা নাহিদের

কৃষি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৩৮ পিএম

কেঁচো সারে বাজিমাত উদ্যোক্তা নাহিদের

কেঁচো সারের বেড। ভিডিও: বাংলানিউজ২৪ কান্ট্রি

চাকরি যেখানে এখন শিক্ষিত তরুণদের কাছে সোনার হরিণ, সেখানে বেকারত্বের এই বাস্তবতায় চাকরির অপেক্ষায় না থেকে নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছেন নাহিদ কামাল। নিজের বসতবাড়ির উঠনেই গড়ে তুলেছেন জৈবসার তৈরির কারখানা।

কেঁচোর মাধ্যমে উৎপাদন করছেন ভার্মি কম্পোস্ট, যা একদিকে তার আত্মকর্মসংস্থানের পথ খুলেছে, অন্যদিকে স্থানীয় কৃষকদের কাছে হয়ে উঠছে রাসায়নিক সারের বিকল্প। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা নাহিদ। বাড়ির উঠনে গড়ে তুলেছেন এইচ এন এগ্রো। ছোট্ট পরিসরে শুরু হওয়া এই কারখানায় তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। জৈব উপাদানের সঙ্গে কেঁচোর প্রক্রিয়ায় তৈরি হচ্ছে এই সার। প্রতিদিনই এখান থেকে সার কিনছেন স্থানীয় কৃষকরা। রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা নিয়ে উদ্বেগ বাড়ায় বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে জৈব সার।

নাহিদ বলেন, "এলাকায় দিচ্ছি এবং পাশাপাশি আমাদের কিছু বাইরেও মাল যাচ্ছে। যেমন ঢাকায় যাচ্ছে, রংপুরে এবং আশেপাশে কয়েকটা ডিলার নিয়োগ করা হয়েছে। তাদের মাধ্যমে আমাদের সারগুলো যাচ্ছে। আর বর্তমানে আমাদের এলাকায় ব্যাপক চাহিদা। আগের তুলনায় যখন আমি অবশ্য কারখানাটা শুরু করছিলাম, তখন তেমন একটা সাড়া পাই নাই, কারণ আমি যখন এটা শুরু করছি, মানুষ এটার ব্যবহার বুঝতে পারে নাই বা এটা ব্যবহার জানে নাই, যার কারণে তারা কিন্তু ওইভাবে ব্যবহার করে নাই। কিন্তু যখন একটু একটু করে দুই-একটা কৃষক যখন নিয়েছে, তাদের দেখাদেখি কিন্তু এখন ব্যাপক সাড়া পাচ্ছি। আর আমাদের সারগুলো এখন ডেলিভারি দেওয়া, আমাদের প্রোডাকশনের তুলনায় কিন্তু অনেক বেশি চাহিদা।"

স্থানীয় কৃষকদের দাবি, ভার্মি কম্পোস্ট ব্যবহারে সবজি ও বিভিন্ন ফসলে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন তারা। বিশেষ করে মরিচসহ বিভিন্ন ফসলের গাছের বৃদ্ধি ও ফলন বাড়ায় এই সারের প্রতি আগ্রহ বাড়ছে। এক কৃষক বলেন, এই সারে ধানেও অনেক ফলন পাওয়া যায়। আর এই সার দিয়ে জমির কোনো ক্ষতিও হয় না, এটা ধীরে ধীরে কাজ করে, সুন্দর ফসল হয়। এই সারটা খুব ভালো, ফসলের দিক দিয়ে খুবই ভালো। পান বড় হয়, ফলন ভালো হয়, গাছ সবুজ থাকে, পান পাতা বড় বড় হয়, ডাঁটা মোটা হয়। তাতে হিসাব করে দেখেছেন, ধানের জমিতেও দেবেন, ভুট্টার জমিতেও দেবেন। আরেক কৃষক বলেন, রাসায়নিক সার এইজন্য বাদ দেওয়া, অনেক ক্ষয়ক্ষতি এখন বোঝা যায়। রাসায়নিকে ক্ষয়ক্ষতি হয়, আর এটাতে কোনো ক্ষয়ক্ষতি নেই, ব্যবহারও কম করতে হয়, মোটামুটি ভালো।

কৃষিপ্রধান বাংলাদেশে মাটির উর্বরতা রক্ষা এখন বড় চ্যালেঞ্জ। রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো জরুরি বলে মনে করছেন নাহিদ। আর সেই ভাবনা থেকেই প্রচলিত চাকরির পথ ছেড়ে কৃষিকে ঘিরে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য সম্ভাবনার দুয়ার খুলতে চান তিনি। একটি ছোট্ট উদ্যোগ, অথচ সম্ভাবনা অনেক বড়। নাহিদ কামালের এই প্রচেষ্টা দেখাচ্ছে, কর্মসংস্থানের জন্য শুধু চাকরির অপেক্ষায় থাকতে হয় না, নিজের উদ্যোগেও তৈরি করা যায় সম্ভাবনার নতুন ক্ষেত্র। তার হাত ধরে একদিকে যেমন এগিয়ে যাচ্ছে আত্মকর্মসংস্থানের স্বপ্ন, অন্যদিকে কৃষিতে বাড়ছে পরিবেশবান্ধব জৈবসারের ব্যবহার।