নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৫০ পিএম
জেলায় শীতের শুরুতেই অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন।
আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই - এ প্রতিপাদ্যে বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় শিশু সদনে আয়োজিত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক তাছলিমা আক্তার শিক্ষার্থীদের হাতে একশ কম্বল তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের উষ্ণতা নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শিশুদের প্রতি সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন। তিনি মাদ্রাসার উন্নয়নে চলমান কাজ জেলা প্রশাসন শেষ করে দেবে বলে আশ্বাস দেন।
দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া শিশু সদনের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ পরিচালক দিপু হাফিজুর রহমান, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট কনসালটেন্ট ক্রিস মিলার, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মিলন ও বিএনপি নেতা নান্নু খান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন