নভেম্বর ২৯, ২০২৬, ০৫:২৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাল টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। এসব জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার।
আটক যুবকের নাম ফরহাদুল ইসলাম ফজলু (৩০)। জাল টাকা বিক্রির সময় ৩ লাখ টাকার জাল নোটসহ তাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-৭।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন জাল নোট ব্যবসায়ী ওই হোটেলে দেশি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলু জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা জানায়। এসব সরঞ্জাম রাঙামাটি শহরের কোতোয়ালী মডেল থানাধীন পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে বলে জানায় ফজলু।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করেন এসআরবি সদস্যরা।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন