নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৩৬ পিএম
বায়ার্ন মিউনিখের চোটের তালিকায় নতুন করে যুক্ত হলেন উইং-ব্যাক কনরাড লেইমার। গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে তাকে।
শনিবার হামবুর্গের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে ডান গোড়ালির টেন্ডন স্থানচ্যুতির শিকার হন লেইমার। রোববার বায়ার্ন জানায়, এই চোটের কারণে তার অস্ত্রোপচার করাতে হবে।
অস্ট্রিয়ার এই আন্তর্জাতিক ফুটবলার কত দিন মাঠের বাইরে থাকবেন, তা জানায়নি ক্লাবটি। তবে জার্মান সংবাদমাধ্যমের ধারণা, প্রায় তিন মাস খেলতে পারবেন না তিনি।
একাধিক খেলোয়াড়ের চোটে বায়ার্ন এখন বেশ বিপাকে পড়েছে।
হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, সার্জি গ্যানাব্রি, ম্যানুয়েল নয়্যার ও ইসমাইল সাইবারি, প্রত্যেকেই কয়েক মাসের জন্য মাঠের বাইরে আছেন। এ ছাড়া চোটের তালিকায় রয়েছেন আলফোনসো ডেভিস ও মাইকেল অলিসে।
শনিবারের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার ঘটনায় শাস্তি পাওয়ায় অধিনায়ক জশুয়া কিমিচকেও অন্তত একটি লিগ ম্যাচে পাবে না বায়ার্ন।
লিগের শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে বায়ার্ন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন