রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

রেলওয়ের নিরাপত্তা জোরদারে ২ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৩৫ পিএম

রেলওয়ের নিরাপত্তা জোরদারে ২ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

বাংলাদেশ রেলওয়ের ট্রেন। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসহ বাংলাদেশ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে উপজেলা পর্যায় থেকে ২ হাজার আনসার ও ভিডিপি সদস্যকে রেলওয়ের নিরাপত্তায় সম্পৃক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ সদস্যরা রেলওয়ের নিরাপত্তা দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এর ফলে রেলযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত ও রেল যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক গতি ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

উপজেলা আনসার কোম্পানি, ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা এই নিরাপত্তা জনবল দেশের প্রান্তিক পর্যায়ে বিস্তৃত বাহিনীর সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততাকে জাতীয় নিরাপত্তা কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৮০০, ঢাকা অঞ্চলে ৬০০ ও পূর্বাঞ্চলে ৬০০ সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে সমন্বিতভাবে রেলস্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, যাত্রীসাধারণের চলাচল ও রেলওয়ের সম্পদের নিরাপত্তায় কাজ করছেন।

এই জনবল সংযোজনের ফলে রেলস্টেশনগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়বে, ট্রেন চলাচল, যাত্রী ব্যবস্থাপনা ও স্থাপনা সুরক্ষায় ধারাবাহিক নজরদারি জোরদার হবে এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও কার্যকর হবে। এই বিশেষ মোতায়েনের মূল লক্ষ্য হলো ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেল চলাচল নির্বিঘ্ন করা এবং রেলওয়ে সম্পদের সুরক্ষা জোরদার করা।

পাশাপাশি নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্টেশন, প্রবেশ ও বহির্গমন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি ও সার্বিক জননিরাপত্তা জোরদার করা এ উদ্যোগের অন্যতম প্রত্যাশিত সুফল।

দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য ও অঙ্গীভূত আনসার সদস্য রেলওয়ের নিরাপত্তায় ইতিমধ্যে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি, পোশাকশিল্পের পরিস্থিতি মোকাবিলা ও মহাসড়কের নিরাপত্তায় নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।

এ কার্যক্রম বাহিনীর বহুমাত্রিক নিরাপত্তা সক্ষমতার প্রতিফলন।