রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

রাজনীতির নামে সন্ত্রাস দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৫:২০ পিএম

রাজনীতির নামে সন্ত্রাস দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি

বঙ্গভবন। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশের ভেতরে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি কোনোভাবে কাম্য নয়। তারা দেশ ও জনগণের স্বার্থের কথা ভেবে যেকোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা থেকে বিরত থাকবে, এটাই জাতির প্রত্যাশা।

রোববার সকালে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ওই সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাতে ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।

পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু ও বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী।