নভেম্বর ২৯, ২০২৬, ০৫:১৮ পিএম
দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে গতি বেড়েছে। বিশেষ করে পাম তেলের ঋণপত্র খোলা ও প্রকৃত আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের প্রথম ১৮ দিনে গত বছরের একই সময়ের তুলনায় পাম তেলের প্রকৃত আমদানি বেড়েছে ৭৪ দশমিক ৫ শতাংশ। একই সময়ে নতুন এলসি খোলার পরিমাণ বেড়েছে তিন গুণের বেশি।
অক্টোবরে সয়াবিন সিডের এলসি খোলা ও প্রকৃত আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে অপরিশোধিত সয়াবিন তেলের এলসি খোলাতেও বড় প্রবৃদ্ধি হয়েছে।
সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের প্রথম ১৮ দিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সব পণ্যের আমদানি প্রবণতা এক রকম নয়। নভেম্বরের প্রথম ১৮ দিনে সয়াবিন সিড ও অপরিশোধিত সয়াবিন তেলের প্রকৃত আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
সেপ্টেম্বরে আরবিডি পাম তেলের এলসি খোলা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৪ টন। গত বছরের একই মাসে এর পরিমাণ ছিল ১ লাখ ৪০ হাজার ৫৩১ টন। অর্থাৎ এক বছরে এলসি খোলা বেড়েছে প্রায় ২১ দশমিক ৭ শতাংশ। অক্টোবরে এলসি খোলা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৯৪৭ টনে দাঁড়িয়েছে, গত বছর ছিল ১ লাখ ৫৩ হাজার ৫৫৫ টন।
নভেম্বরের প্রথম ১৮ দিনে পাম তেলের এলসি খোলা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪১৫ টন, গত বছরের একই সময়ে ছিল মাত্র ৪৫ হাজার ৬২৬ টন। অর্থাৎ এলসি খোলা বেড়েছে তিন গুণের বেশি।
সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম ১৮ দিন পর্যন্ত দেশে আরবিডি পাম তেল আমদানি হয়েছে মোট ৪ লাখ ২ হাজার ৮৮৪ টন। গত বছরের একই সময়ে আমদানি ছিল ৩ লাখ ৩৫ হাজার ৪০৩ টন, অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ২০ দশমিক ১ শতাংশ। নভেম্বরের প্রথম ১৮ দিনে আমদানি হয়েছে ১ লাখ ২৫ হাজার ১৫৪ টন। সেপ্টেম্বরে আমদানি বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ এবং অক্টোবরে ৩ শতাংশ।
সয়াবিন সিডের ক্ষেত্রে সেপ্টেম্বরে এলসি খোলা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৪২ টন। অক্টোবরে তা বেড়ে ৩ লাখ ৯৪ হাজার ৫৬৪ টনে দাঁড়িয়েছে, গত বছরের অক্টোবরে ছিল ২ লাখ ৬৩ হাজার ৯৯৯ টন। অর্থাৎ এক বছরে এলসি খোলা বেড়েছে প্রায় ৪৯ দশমিক ৫ শতাংশ। তবে নভেম্বরের প্রথম ১৮ দিনে এলসি খোলা হয়েছে মাত্র ২০ হাজার ৮৮৫ টন, গত বছরের একই সময়ে ছিল ১ লাখ ৮০ হাজার ১৯ টন।
প্রকৃত আমদানিতে নভেম্বরের প্রথম ১৮ দিনে সয়াবিন সিড এসেছে ৫২ হাজার ৭৮৪ টন, গত বছরের একই সময়ের ১ লাখ ১৯ হাজার ৭৩৮ টনের তুলনায় ৫৫ দশমিক ৯ শতাংশ কম। অক্টোবরে আমদানি ৮০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রায় ২ লাখ টনে পৌঁছেছিল।
অপরিশোধিত সয়াবিন তেলের এলসি সেপ্টেম্বরে খোলা হয়েছে ৪১ হাজার ২২৪ টন, গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ বেশি। নভেম্বরের প্রথম ১৮ দিনে তা বেড়ে ৬২ হাজার ৭০৬ টনে দাঁড়িয়েছে, গত বছর ছিল ২৫ হাজার ৮২০ টন। অর্থাৎ এলসি খোলা বেড়েছে প্রায় আড়াই গুণ। তবে প্রকৃত আমদানিতে একই সময়ে চালান কমেছে ৬৬ দশমিক ৯ শতাংশ, আমদানি হয়েছে ১৯ হাজার ৪৯৮ টন।
আন্তর্জাতিক বাজারে ১২ থেকে ২০ নভেম্বরের মধ্যে পাম তেলের টনপ্রতি দাম ১ হাজার ৭৫ ডলার থেকে কমে ১ হাজার ৩০ ডলার এবং সয়াবিন সিডের দাম ৫০৯ দশমিক ১০ ডলার থেকে কমে ৫০০ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অপরিশোধিত সয়াবিন তেলের দাম টনপ্রতি ১ হাজার ১৮৩ থেকে ১ হাজার ১৯১ ডলারের মধ্যে ওঠানামা করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানিকারকদের এলসি খোলার প্রবণতা ও পাম তেলের প্রকৃত আমদানি বৃদ্ধি দেশের ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নভেম্বরের প্রথম ১৮ দিনে খোলা এলসির বিপরীতে পণ্যবাহী জাহাজের চালান আগামী কয়েক সপ্তাহে দেশে পৌঁছালে বাজারে ভোজ্যতেলের সরবরাহ আরও বাড়বে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন