নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৩৪ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করায় ১৬ জনকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা, বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্যতালিকা যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে গত কয়েক দিন ধরে বিভিন্ন পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানকালে বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, যাত্রী হয়রানির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন