নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৩৭ পিএম
পীরের সেমিনার ও বায়াত গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ব্যবহারের অভিযোগ উঠেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত ‘তাসাউফ সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য বাস দুটি ব্যবহার করা হয় বলে জানা গেছে।
সূত্রের বরাতে জানা যায়, পীর মোজাদ্দেদী কুতুববাগীর আগমন উপলক্ষে তাঁর অনুসারীদের নিয়ে আলোচনা সভা, বায়াত গ্রহণ এবং বিনা খরচে বিয়ের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ব্যবহার করা হয়। এতে শতাধিক মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন একাডেমিক কার্যক্রম ও গবেষণার প্রয়োজনে ফিল্ড ভিজিটের জন্য বাসের রিকুইজিশন চাওয়া হলেও নানা অজুহাতে অনেক সময় তা পাওয়া যায় না। অথচ ব্যক্তিগত বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের ঘটনা প্রশাসনিক স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যক্তিগত বা এ ধরনের কর্মসূচিতে ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাঁর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাসটি ভাড়া নিয়েছিলেন। তেলের খরচ দিয়ে ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি ব্যবহারে কোনো বাধা নেই। আমাদের পরিবহন কর্মকর্তারা তাঁর রিকুইজিশন পেপার দেখে তাঁকে অনুমতি দিয়েছিলেন।”
তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনার প্রচলিত নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত প্রয়োজনে বাস ভাড়া দেওয়ার ক্ষেত্রে কী কী শর্ত প্রযোজ্য এবং এ ধরনের ব্যবহারের অনুমোদন প্রক্রিয়া কী-তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন