রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোগের সুপারিশ কমিটির

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৩৩ পিএম

মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোগের সুপারিশ কমিটির

মসজিদে সৌরবিদ্যুৎ। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মডেল মসজিদসহ দেশের সব মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের সব মসজিদে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সর্বশেষ অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে দ্বিতীয় বৈঠকে আজ এ সুপারিশ করা হয়।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র ও তিনটি ইসলামিক মিশন হাসপাতালের কার্যক্রম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ এবং মডেল মসজিদের ইমামদের প্রশিক্ষণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে পাস করা জনবলকে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে ইসলামিক মিশন হাসপাতাল ও মিশন কেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং শূন্য পদ পূরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মিশনসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখ জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধার করার জন্য সুপারিশ করা হয় বৈঠকে।

ইসলামিক মিশন হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের সুপারিশ করা হয়। এ ছাড়া ইসলামিক মিশন কেন্দ্রগুলোর মাধ্যমে পরিচালিত চিকিৎসাসেবা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে গৃহীত কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (২০২৪ সালে সংশোধিত) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যমান হজ এজেন্সিগুলোর পারফরমেন্স যাচাই-বাছাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। সভাপতি রফিকুল ইসলাম জামাল ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে কমিটি সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, সদস্য মো. জাহিদুর রহমান, সূবর্না সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।