নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৪৫ পিএম
ফটোসাংবাদিকদের তোলা ছবি স্বাধীনতা ও সংগ্রামের প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৮২-১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জীবন্ত দলিল ক্যামেরার ফ্রেমে ধারণ করেছেন ফটোসাংবাদিকরা।
আজ জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬ উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
কাদের গনি চৌধুরী বলেন, ক্যামেরা শুধু ছবি তোলে না, এতে ভাষা দেয়, শিল্প-সৌন্দর্যও আনে। তাই ফটোসাংবাদিকতাকে সাংবাদিকতার কোনো গৌণ অংশ হিসেবে অবহেলা করার সুযোগ নেই। একে সংবাদমাধ্যমের অপরিহার্য অংশ এবং শিল্প ও নান্দনিকতার বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, আলোকচিত্র শুধু সময়ের প্রতিচ্ছবি নয়, ইতিহাসেরও সাক্ষী। একটি ছবি হাজারো কথা বলতে পারে। কিছু না বলেও ছবির মাধ্যমে অনেক সত্য তুলে ধরা সম্ভব। ফটোগ্রাফি এমন একটি উদ্ভাবন, যা বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। আলোকচিত্রের মাধ্যমে অনেক সময় ঘটনার পেছনের গল্পও উঠে আসে। ক্যামেরার লেন্সে ধারণ করা একটি ছবি যেমন মানুষের মনে হাহাকার জাগাতে পারে, তেমনি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও জোগাতে পারে।
এর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শহীদ নূর হোসেনের ছবি এখনো ইতিহাসের অংশ হয়ে আছে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় নূর হোসেন নিজের বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে নেমেছিলেন। ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন।
কাদের গনি চৌধুরী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আন্দোলন চলাকালে নিরস্ত্র আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তার নিহত হওয়ার সেই ছবি গণঅভ্যুত্থানের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের অনেক ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল। বিশেষ করে লঙ্গরখানায় ক্ষুধার্ত মানুষের ভিড় এবং ডাস্টবিনের খাবার নিয়ে কুকুর ও মানুষের টানাটানির ছবি মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছিল। ওই দুর্ভিক্ষের সময় সোনার মুকুট পরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলের বিয়ের ছবি দৈনিক বাংলায় প্রকাশিত হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। সীমান্তে কাঁটাতারে ফেলানীর ঝুলন্ত মরদেহের ছবিও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।
আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি ছবি সংবাদের বিশ্বাসযোগ্যতা ও বাস্তবতা তুলে ধরে। লিখিত প্রতিবেদনের পাশাপাশি একটি আলোকচিত্র ঘটনার বাস্তবতা পাঠকের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ডিজিটাল যুগে গুজব ও ভুয়া তথ্যের ভিড়ে পেশাদার ফটোসাংবাদিকতা সঠিক প্রেক্ষাপট ও নৈতিকতা বজায় রেখে প্রকৃত সত্য তুলে ধরতে সাহায্য করে। আলোকচিত্র একটি সর্বজনীন ভাষা। ছবি বুঝতে নির্দিষ্ট কোনো ভাষার জ্ঞান প্রয়োজন হয় না। এটি দেশ, কাল ও ভাষার সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে।
একজন ফটোসাংবাদিককে দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন থাকতে হয় উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে ফটোসাংবাদিকদের কাজ করতে হয়। ছবির যথার্থতা, প্রেক্ষাপট ও ক্যাপশনের বিষয়ে তাদের সবসময় সতর্ক থাকতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন