রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: শামীম

রাজনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৬:০২ পিএম

বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: শামীম

মাহবুবের রহমান শামীম। ফাইল ছবি।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে বসে তিনি বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। সরকার তাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।

আজ রোববার বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, গত ১৭ বছর দেশে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার দেখতে চায় দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এমন সময়ে পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এসব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের নেতৃত্বেই আগামীর সব ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করা হবে। শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যা, গুম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু, কিশোর, শ্রমিক ও সাধারণ মানুষ হত্যার বিচার অবশ্যই হতে হবে। বিচারের প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এ বিচার থেকে কেউ রেহাই পাবে না। শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধসহ যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. জাকিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান ও শিহাব উদ্দিন মুবিন।

সমাবেশ শেষে নিউমার্কেট মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়।