নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৫৬ পিএম
ইপসউইচের বিপক্ষে ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সাভিও। এ কারণে ২০২৬ সালের বাকি সময় টটেনহ্যামকে এই উইঙ্গারকে ছাড়াই খেলতে হবে বলে নিশ্চিত করেছেন কোচ রবার্তো ডি জারবি।
শুক্রবার সংবাদ সম্মেলনে ডি জারবি বলেন, "আমি জানি না, ৫০ দিন, ৬০ দিন, ৮০ দিন সত্যিই জানি না। সে যখন ফিরবে, তখন মৌসুমের শেষ ধাপে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।"
ম্যানচেস্টার সিটি থেকে সর্বোচ্চ ৮ কোটি ৫০ লাখ পাউন্ডের চুক্তিতে টটেনহ্যামে যোগ দেন সাভিও। চলতি মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন তিনি। পেশির চোটের কারণে এরই মধ্যে প্রিমিয়ার লিগের চারটি ম্যাচে অনুপস্থিত ছিলেন এই ফুটবলার।
তবে ক্লাবের জন্য ইতিবাচক খবরও রয়েছে। তরুণ ফুটবলার লুকা উইলিয়ামস-বার্নেটের সঙ্গে নতুন চুক্তিকে টটেনহ্যামের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন ডি জারবি।
শনিবার ইপসউইচের বিপক্ষে ২-০ গোলের জয়ে টটেনহ্যামের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলতে নেমেই গোল ও অ্যাসিস্ট করেন উইলিয়ামস-বার্নেট। ১৮ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, পারফরম্যান্স দিয়ে তার যথার্থতা প্রমাণ করেছেন তিনি।
এরপর মঙ্গলবার তার সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করে টটেনহ্যাম। প্রেস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত রয়েছে এই চুক্তির মেয়াদ। রোববার সান্ডারল্যান্ডের মাঠে খেলতে যাওয়ার আগে এই তরুণকে ধরে রাখা গুরুত্ব তুলে ধরেন ডি জারবি।
তিনি বলেন, "আমাদের জন্য এটি দারুণ খবর। চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। অন্য বড় দল ও ক্লাবগুলো একই পরিস্থিতিতে তরুণ প্রতিভাদের হারাচ্ছে।"
"ক্লাবকে ধন্যবাদ জানাতে হবে। আমার মনে হয়, মাঠের জন্য, ফুটবলের জন্য এবং সমর্থকদের জন্যও এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চুক্তির মেয়াদ বাড়িয়ে আমরা দারুণ একটি বার্তা দিয়েছি।"
"লুকার এজেন্ট ও পরিবার যদি এখানে থেকে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়ে থাকে, তাহলে এর অর্থ তারা টটেনহ্যামের প্রকল্পে বিশ্বাস করে। তাই কৃতিত্ব ক্লাবেরই প্রাপ্য।"
আক্রমণভাগের কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে সান্ডারল্যান্ডের বিপক্ষে উইলিয়ামস-বার্নেটের আবারও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে ডি জারবি বলেন, "অনেক কিছু বিশ্লেষণ করতে হবে।"
"আমার মনে হয়, সে খেলার জন্য প্রস্তুত। কারণ, সে পরিণত একজন খেলোয়াড়। যেকোনো স্টেডিয়ামে, যেকোনো ম্যাচে খেলার মতো ব্যক্তিত্ব তার রয়েছে। তবে এই সপ্তাহে সে কী করেছে, সবকিছু বিশ্লেষণ করতে হবে।"
"প্রথম একাদশে অভিষেক, গোল, অ্যাসিস্ট এবং চুক্তির মেয়াদ বৃদ্ধি - সবকিছুই তার, আমাদের ও ক্লাবের জন্য ইতিবাচক।"
উইলিয়ামস-বার্নেটের অনুসরণ করার মতো উদাহরণ হিসেবে দেজান কুলুসেভস্কির কথা উল্লেখ করেছেন ডি জারবি। গুরুতর হাঁটুর চোটের কারণে ১৭ মাস মাঠের বাইরে থাকার পর আগামী এক সপ্তাহে টটেনহ্যামের তিনটি ম্যাচের যেকোনো একটিতে সুইডিশ এই প্লেমেকারের শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
ডি জারবি বলেন, "আমি তাকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছি। হয়তো এখনই নয়, তবে আমার মনে হয়, কোনো একটি ম্যাচে তাকে শুরু থেকে খেলানোর সময় খুব কাছাকাছি এসে গেছে।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন