রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থী নিহত

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৩৩ পিএম

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আসমা খাতুন (২২) নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার ভোরে সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসমা সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। আসমার ভাই মঈন হোসেন জানান, ভোর ৬টার দিকে তিনি বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পৌঁছে দিতে মোটরসাইকেলে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।

গোপালপুর গেট এলাকায় খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আসমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বলেন, মাথায় আঘাতের কারণে আসমা খাতুনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মাসুদ রানা জানান, সড়ক দুর্ঘটনায় আহত নার্সিং শিক্ষার্থীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।