রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ফেনীতে নির্বাচন অফিসসহ তিন স্থাপনায় আগুন, মাদ্রাসা ভস্মীভূত

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৮:২৪ পিএম

ফেনীতে নির্বাচন অফিসসহ তিন স্থাপনায় আগুন, মাদ্রাসা ভস্মীভূত

ফেনীতে নির্বাচন অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও একটি মহিলা মাদ্রাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে জেলার তিনটি স্থাপনায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এসব নাশকতায় উল্লেখযোগ্য ক্ষতি না হলেও দাগনভূঞার উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসার দুটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ জানান, রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার সংলগ্ন মাদ্রাসার দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে প্রতিষ্ঠানটির চেয়ার, টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

একই রাতে শহরতলীর মহিপাল এলাকায় মাদ্রাসার শিক্ষক ফজলুর রহমানের ঘরেও আগুন দেওয়া হয়। রাত সাড়ে তিনটার দিকে শিক্ষক ফজলুর রহমান আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা নাশকতা চালাচ্ছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা শনাক্ত করতে পারেনি পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সালাহ উদ্দিন আহম্মেদ জানান, শহরের বিভিন্ন স্থানে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাহারা দিচ্ছেন। তিনি আরও বলেন, শহরে সুবিধা করতে না পেরে গভীর রাতে তারা মহিপাল এলাকায় মাদ্রাসা শিক্ষক ফজলুর রহমানের ঘরে আগুন দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মাদ্রাসা ও অফিসে আগুন দেওয়ার ঘটনা নাশকতা। পতিত ফ্যাসিস্ট দোসররা এমন নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যারা আগুন দিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

ফেনীতে নির্বাচন অফিসের ফটকে আগুন। ছবি: চ্যানেল এনআরবি