রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

নাটোরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫২ পিএম

নাটোরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ

নারী সমাবেশ। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। জেলা তথ্য অফিসার মো. আ. আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজেদুর রহমান।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন উপলক্ষে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, ধর্মীয় নেতাদের প্রদত্ত মাসিক সম্মানী ভাতা ও নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এসব কর্মসূচির সুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার নীতি অনুসরণ ও নিরাপদ খাদ্য গ্রহণ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং গ্রাম আদালত ও লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।