নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫০ পিএম
চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার প্রদর্শনী। ১৫তম চট্টগ্রাম ফার্নিচার এক্সিবিশন ২০২৬-এ দেশের ২৬টি স্বনামধন্য ফার্নিচার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ, বাজার সম্প্রসারণ এবং আধুনিক ডিজাইন ও প্রযুক্তির সঙ্গে ক্রেতাদের পরিচিত করাই এর উদ্দেশ্য।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টস।
রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন চৌধুরী দুলাল, এক্সিবিশন কমিটির আহ্বায়ক এম এ নাছের, সদস্য সচিব ও সহ-সাধারণ সম্পাদক আল মোহাম্মদ ইকবালসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, বর্তমান সময়ে ঘর ও অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে আধুনিক ও নান্দনিক ডিজাইনের আসবাবপত্রের চাহিদা বাড়ছে। বিশ্বমানের ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলোও আন্তর্জাতিক মানের আসবাবপত্র তৈরি করছে।
দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান আয়োজকরা। এই সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এবং দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
আগামী ১ ডিসেম্বর সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সরকার ও মহাসচিব এ করিম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন