নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৮ পিএম
নৌপরিবহন অধিদপ্তরের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনের মাধ্যমে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম এবং সাবেক উপ-প্রধান নৌ-স্থপতি ও প্রধান জরিপ কর্মকর্তা মো. হাসিবুর রহমান খান।
আজ দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ নভেম্বর দুদকের কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক আদেশে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। দুদকের অনুমোদনপত্রে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১ ডিসেম্বর নৌপরিবহন অধিদপ্তরের এক সার্কুলারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব ধরনের কার্গো ভেসেলের নকশা অনুমোদন স্থগিত করা হয়। পরে ২০১৬ সালের ৩০ জুন নৌযানের নকশা অনুমোদনের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ ছাড়া কোনো নৌযানের নকশা গ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, এসব নির্দেশনা বহাল থাকা অবস্থায় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৬ জুন পর্যন্ত ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করা হয়। এ ঘটনায় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সংগৃহীত সাক্ষ্য-স্মারক ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন