রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ভারতীয় দলের বাইরে থাকা কষ্টের: সূর্যকুমার যাদব

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৮ পিএম

ভারতীয় দলের বাইরে থাকা কষ্টের: সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

ভারতীয় দলের বাইরে থাকা কষ্টের বলে জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে সুড়ঙ্গের শেষ প্রান্তে সব সময়ই আলো থাকে বলে মন্তব্য করেছেন তিনি।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পর ভারতকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমারকে বিতর্কিতভাবে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে সময়টা উপভোগ করছেন মুম্বাইয়ের এই ক্রিকেটার।

সাংবাদিকদের সূর্যকুমার বলেন, অবশ্যই ভারতীয় দলের বাইরে থাকা কষ্টের। টানা পাঁচ বছর খেলার পর হঠাৎ করে ভারতের হয়ে খেলা হচ্ছে না, এটা কষ্ট দেয়। তবে খেলাটাই এমন। এই খেলা অনেক কিছু শেখায়।

তিনি বলেন, গত দুই বছর এবং আইপিএলের পরও ক্রিকেট তাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু শেখার আছে। যেমনটা বলা হয়, সুড়ঙ্গের শেষ প্রান্তে সব সময়ই আলো থাকে। ততক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে।

ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দূর ভাবছেন না জানিয়ে সূর্যকুমার বলেন, আপাতত হাতের কাজেই মনোযোগ দিচ্ছেন তিনি।

তিনি বলেন, আইপিএল এখনো অনেক দূরে। এর মধ্যে আরও অনেক টুর্নামেন্ট রয়েছে। সৈয়দ মুশতাক আলী ট্রফির পর বিজয় হাজারে ট্রফি এবং এরপর রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব রয়েছে। তাই আইপিএল এখনো অনেক দূরে। এই মুহূর্তে তিনি শুধু সুপার লিগে মনোযোগ দিচ্ছেন। প্রতিটি ম্যাচ জিততে চান এবং এরপর অবশ্যই ফাইনাল জিততে চান।

খারাপ ফর্মের কারণে অধিনায়কত্ব হারালেও নিজের ব্যাটিংয়ে কোনো সমস্যা ছিল না বলে মনে করেন তিনি। সূর্যকুমার বলেন, তার মনে হয় না ব্যাটিংয়ে কোনো ভুল হয়েছে। গত পাঁচ বছর ধরে তিনি একইভাবে খেলছেন। সব জায়গায় ব্যাটিং উপভোগ করেছেন - ভারতের হয়ে যেমন, তেমনি মুম্বাইয়ের হয়েও। এখনো একই কাজ করছেন।

তার মনে হয়, এর পেছনে অনেক ব্যাটিং অনুশীলন রয়েছে। গত ৮-১০ সপ্তাহে সেটাই করেছেন, যার প্রতিফলন মাঠে দেখা যাচ্ছে। যত কঠোর পরিশ্রম করা যায়, ভাগ্য ততই সহায় হয় বলে মনে করেন তিনি। তাই এই মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কারণ, তিনি সত্যিই অনেক কঠোর পরিশ্রম করেছেন। মাঠে থাকতে এবং রান করতে পেরে তিনি খুশি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এখন পর্যন্ত দুটি অর্ধশতক করেছেন সূর্যকুমার।