নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৮ পিএম
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে পুরাতন বাসস্টেশন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান স্বপন এবং জেলা কৃষকদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
এ ছাড়া বক্তব্য দেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামনুর রশীদ কয়েস।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহীন ও আবুল কালাম, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ জেলা বিএনপি ও যুবদলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী আগুন সন্ত্রাস করছে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো গোষ্ঠী যাতে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন