নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৬ পিএম
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন বলেছেন, নাশকতাকারীরা সংখ্যায় নগণ্য। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। রোববার বিকেলে শহরের ট্রাংক রোডে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন বলেন, নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে চায়। তারা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে এবং ফেনীতেও বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালানোর অপচেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
সভায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দল সভানেত্রী জুলেখা আক্তার ডেইজি, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খোন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ নেতারা উপস্থিত ছিলেন।
সভার আগে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন