নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৮ পিএম
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিশু ও নিরীহ মানুষের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
আজ দুপুরে চট্টগ্রাম নগরের সিরাজুদ্দৌলা রোডের দিদার মার্কেট চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
সকল ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনো আছেন এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকবেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম তিনি কাছ থেকে দেখেছেন। অনেক নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা ও গুমের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা রাজপথ ছাড়েননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি; বরং কারাবরণ করেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীরাও নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন অব্যাহত রেখেছেন।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আড়াল করে কিংবা অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দিদার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চন্দনপুরা ও নবাব সিরাজুদ্দৌলা রোড ঘুরে প্যারেড মাঠের সামনে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আহমেদ উল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম প্রমুখ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন