রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না: মামুনুল হক

মোঃ জাহিদ হাসান

নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫৭ পিএম

আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না: মামুনুল হক

বীরগঞ্জে খেলাফত মজলিসের জনসভায় বক্তব্য দিচ্ছেন মামুনুল হক। ছবি: দিনাজপুর টিভি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং তেল গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও মাদক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় বীরগঞ্জের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড-এ বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।

জনসভায় বক্তব্য দিচ্ছেন মামুনুল হক। ছবি: দিনাজপুর টিভি

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। এই রায়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব মহলের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আমাদের শতাধিক মানুষ শহীদ হয়েছেন। শাপলা চত্বরে আমাদের ওপর ফ্যাসিবাদী সরকারের বর্বরতা চালানো হয়েছে। দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবে না।

দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সরকারের অন্যতম দায়িত্ব। সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ সৃষ্টি করে এমন পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম এবং দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ।

এছাড়াও জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর ও বীরগঞ্জ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।