রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে: আইজিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৪৯ পিএম

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে: আইজিপি

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আইজিপি আজ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আহসান হাবীব পলাশ সভায় সভাপতিত্ব করেন। মাঠপর্যায়ের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আইজিপি বলেন, তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার জন্য তিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের ক্ষেত্রে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যু মামলা দায়িত্বশীলতার সঙ্গে তদন্তের নির্দেশ দেন। তিনি মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্তকরণ এবং তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।

সভায় ২০২৬ সালের অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মামলা তদন্তের ক্ষেত্রে আরও গুরুত্বারোপ করা হয়।