রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

স্বাভাবিক উৎপাদনে ফিরেছে পোশাক কারখানাগুলো

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৮:০৩ পিএম

স্বাভাবিক উৎপাদনে ফিরেছে পোশাক কারখানাগুলো

পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের প্রধান শিল্পাঞ্চল সাভার, গাজীপুর ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদানের ফলে অধিকাংশ কারখানায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করায় মালিক ও শ্রমিকদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা বাবুল আখতার আজ বলেন, শিল্পাঞ্চলগুলোতে শ্রম পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। গত কয়েকদিনের অস্থিরতার পর শ্রমিকরা নিজ নিজ কারখানায় ফিরে কাজ শুরু করেছেন। শ্রমিকদের যেসব সমস্যা ছিল, সেগুলোর আশানুরূপ সমাধান হয়েছে। শ্রমিকরা এখন উৎসবমুখর পরিবেশে কাজ করছেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি পোশাক শিল্প। এর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই শ্রমিকদের স্বার্থ বিবেচনায় রেখে এখন থেকে শিল্পে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সবাইকে আরও আন্তরিক হতে হবে।

বাবুল আখতার বলেন, গত বৃহস্পতিবার থেকে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবিগুলোর প্রেক্ষিতে নতুন মজুরি ঘোষণা করা হয়। এর ফলে শিল্পে অস্থিরতার অবসান ঘটেছে। তিনি বলেন, ঘোষিত মজুরি অনুযায়ী একজন শ্রমিকের মজুরি এখন হবে ১৮ হাজার ৭০০ টাকা।

বাবুল আখতার বলেন, প্রত্যেক কারখানা মালিক এখন থেকে ঘোষিত ন্যূনতম মজুরি অনুযায়ী শ্রমিকদের বেতন দেবে। যদি কোনো কারখানা মালিকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নতুন ন্যূনতম মজুরির বিষয়টিকে কেন্দ্র করে কিছু অসৎ শ্রমিক নেতা ও মালিক ভুল তথ্য ছড়িয়ে কিছু শ্রমিককে বিভ্রান্ত করছে।

শ্রমিকরা কাজে ফিরে আসার পর কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায় তৈরি পোশাক শিল্পে উৎপাদন হার স্বাভাবিক হতে চলেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পোশাক কারখানাগুলোতে কর্মরত শ্রমিকরা প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে ফিরে পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছেন। সাভার ও আশুলিয়ার একাধিক পোশাক কারখানার কর্মচারীরা জানান, তারা দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে কাজ করছেন।