নভেম্বর ২৯, ২০২৬, ০৭:১৪ পিএম
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
আজ রোববার বিকেলে জেলা শহরের উত্তর তেমুহানী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দক্ষিণ তেমুহানী গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
বক্তারা সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন