রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৩৩ পিএম

উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

গত পাঁচ দশকে দেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটলেও সে অনুপাতে শিক্ষার গুণগত মানের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, উচ্চশিক্ষার সম্প্রসারিত সুযোগকে মানসম্মত শিক্ষায় রূপান্তর করতে সরকার, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে শুধু নীতি প্রণয়নই যথেষ্ট নয়; প্রণীত নীতির বাস্তবায়ন ও কার্যকর পরিবীক্ষণ নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর ইউজিসি অডিটরিয়ামে ‍‍`উচ্চশিক্ষার মানোন্নয়ন: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়‍‍` শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম ফায়েজ। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা কম। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কর্মসূচি হতে হবে যুগোপযোগী, যাতে তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। যোগ্যতার চেয়ে কম যোগ্য শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণা ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো গবেষণার পরিমাণ ও মান। গবেষণার জন্য প্রয়োজনীয় বরাদ্দ না পেলে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি গবেষণায় সফল দেশগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, অনেক দেশে শিক্ষার মানোন্নয়নের পেছনে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।