রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৫০ পিএম

অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে কেয়ার প্রতিনিধিদের সাক্ষাৎ। ছবি: ডেইলি সময়ের বাংলা

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। এ কথা বলেছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কেয়ার-এর সিনিয়র স্ট্রাটেজিক এডভাইজার ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় সমাজে বিদ্যমান প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা এবং উপকারভোগীর সংখ্যাও বৃদ্ধি করছে সরকার।

ডা. জাহিদ হোসেন জানান, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা দৃশ্যমান হচ্ছে।

তিনি বলেন, কেয়ার বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন ও বিভিন্ন সময়ে কেয়ার-এর উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নারী উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও জোরদার করতে পরিবারের নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। এই অর্থ দিয়ে নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের পড়াশোনার পাশাপাশি পারিবারিক সবজি বাগান এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন।

সাক্ষাৎকালে তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কেয়ার ইকোনমি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু বিষয়ক বিভিন্ন আইন, বাল্যবিবাহ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি ও প্রারম্ভিক বিকাশ, প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন উদ্যোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় আর্ল আর মিলার এবং রাম দাস বাংলাদেশে তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং চলমান বিভিন্ন কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন তারা।