নভেম্বর ২৯, ২০২৬, ০৯:০৩ পিএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
রোববার বিকেলে বান্দরবান জেলা যুবদলের আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী মাসুমের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে। তারা বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যেকোনো ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন