রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৫১

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৯:০১ পিএম

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৫১

পুলিশের টহল গাড়ি। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৮৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে ৩৪৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ ১৯৩ জনকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নতুন নিয়মিত মামলার আসামি ৮৫ জন, পুরোনো মামলার আসামি ১৬৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১২২ সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে ৬৭ জন মাদকসেবী ও ২৫ জন মাদক কারবারিসহ ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত ২৮ জনকে কারাদণ্ড এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।

অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, ২৭৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২১ বোতল বিদেশি মদ এবং ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।