রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ফেনীতে ট্রেনে হামলার প্রস্তুতির অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৩০ পিএম

ফেনীতে ট্রেনে হামলার প্রস্তুতির অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

ফেনীতে আটক শিক্ষার্থী ও উদ্ধার করা ব্যাগ। ছবি: বাংলাদেশ আনসার ও ভিডিপি

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে ৪ কলেজ শিক্ষার্থীকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার দুপুরে ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেলপথে টহল দেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটকদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশ কিছু ইটের টুকরো উদ্ধার করা হয়েছে।

জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রেলপথে আনসার সদস্যরা টহল দিচ্ছেন। টহলের সময় ওই ৪ কিশোরকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান তারা। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে, তখন তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান (১৭), ফরহাদনগর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. শাহেদ (১৮), ছনুয়া ইউনিয়নের টঙ্গিরপাড় গ্রামের মো. শাহাজানের ছেলে মো. শাকিল (১৮) এবং একই ইউনিয়নের রাজনগর গ্রামের ইকরামুল হকের ছেলে মো. মহিন (১৮)। সবাই ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

জেলা আনসার কমান্ড্যান্ট আরও জানান, আটক ৪ শিক্ষার্থীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।