রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

রাজনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি: লিড নিউজ ২৪

চাঁপাইনবাবগঞ্জে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খাঁ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মুঠোফোনে সংযুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম এস মুসাব্বির শাফি।

আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, নাচল উপজেলা যুবদলের আহ্বায়ক আসিফ মাহমুদ, ভোলাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জনমনে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ কর্মসূচিতে জাতীয়তাবাদী যুবদলের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।