নভেম্বর ২৯, ২০২৬, ১০:২২ পিএম
২০২৮ শিক্ষাবর্ষের শিক্ষাক্রমে বড় পরিমার্জন ও সংস্কার আসছে। এ লক্ষ্যে এখন থেকেই পূর্ণাঙ্গ ও বিস্তৃত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
রোববার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত ২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পরিমার্জন শীর্ষক উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার আগেই সারাদেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশাবাদী। সময় স্বল্পতার কারণে এবার শিক্ষাক্রমে প্রত্যাশিত মাত্রায় সংস্কার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আগামী বছরের শিক্ষাক্রম নিয়ে কাজ করতে এনসিটিবিতে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষাবিদ, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে পাঁচটি কমিটি কাজ করছে। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান উপদেষ্টা।
জানুয়ারিতে বই দিতে হলে সাধারণত জুলাই মাসের মধ্যেই কাজ শুরু করতে হয়।
পাঠ্যবই মুদ্রণের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নিয়েছে সেপ্টেম্বর মাসে। ফলে খুব অল্প সময়ের মধ্যে বই তৈরির কাজ শেষ করতে হয়েছে। বিগত সময়ে পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, মিথ্যা তথ্য ও নানা ভুলভ্রান্তি ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এসব বিষয়ের পূর্ণাঙ্গ সংশোধনের উদ্যোগ নিয়েছে।
উন্মুক্ত আলোচনায় বলার চেয়ে শোনার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন। আলোচনায় অংশ নেওয়া সবার মতামত লিখিত আকারে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসব প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে, যাতে ঘাটতিগুলো চিহ্নিত করে ২০২৮ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায়।
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও লার্নিং উইথ হ্যাপিনেস বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যরা পরবর্তী সময়ে একটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন। কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আলোচনায় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, উপ-উপাচার্য, অধ্যাপক, সচিব, জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব রাবেয়া আক্তার, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ এম কাওসার আলম, সদস্য অধ্যাপক ড. মো. আক্তার হোসেন এবং এনসিটিবির সচিব মো. মকছুদুল হোসেন উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন