নভেম্বর ২৯, ২০২৬, ১০:২৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে অভিযানে সহকারী পরিচালক তরিকুর রহমান, উপসহকারী পরিচালক মো. সাইফুল ইসলামসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে হাসপাতালের স্টোররুম, প্যাথলজি বিভাগ, হিসাব শাখা, হাজিরা খাতা ও টিকিট কাউন্টার পরিদর্শন করা হয়।
এ সময় বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। পরিদর্শনে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক তরিকুর রহমান জানান, হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বায়োমেট্রিক হাজিরা পর্যালোচনায় দেখা গেছে, চিকিৎসকদের উপস্থিতির ক্ষেত্রে অনিয়ম রয়েছে। প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ চিকিৎসক নির্ধারিত সময় অনুসরণ না করে নিজেদের ইচ্ছেমতো হাসপাতালে আসা-যাওয়া করছেন। তাদের অনেকেই নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করছেন।
তিনি আরও জানান, হাসপাতালের ফার্মেসিতে ওষুধের জন্য চিকিৎসকদের দেওয়া স্লিপে কোনো সিল, স্বাক্ষর কিংবা তারিখ পাওয়া যায়নি।
এছাড়া প্যাথলজি বিভাগে হেপাটাইটিস পরীক্ষার এইচবিএসএজি পরীক্ষার জন্য সরবরাহ করা ১ হাজার ২৫০টি কিটের মধ্যে প্রায় ৮৫০টি কিটের হিসাব সংশ্লিষ্টরা দিতে পারেননি।
অভিযানে পাওয়া এসব অনিয়ম ও অসংগতির বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দুদক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন