নভেম্বর ২৯, ২০২৬, ১০:৫৬ পিএম
জাল ওয়ারিশ, মৃত্যু ও সমাধি সনদ তৈরি করে অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন গ্লাডিয়ার ও কর্ণফুলী মৌজায় প্রায় ৬১ দশমিক ১৯ শতক সরকারি সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ এবং একই প্রক্রিয়ায় আরও ৭ দশমিক ৯৪ শতক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
রোববার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১২০বি ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আসামিরা হলেন এলবার্ট সরকার ওরফে এলবার্ট আশীষ সরকার, মোহাম্মদ মনজুর আলম, অ্যাডভোকেট মোহাম্মদ ছোলায়মান ওরফে মোহাম্মদ ছোলায়মান (এমরান), মো. শামসুল আলম রানা ও সুকান্ত কাসারি। তাঁদের বয়স যথাক্রমে ৫৮, ৪৫, ৫২, ৫৭ ও ৩৪ বছর।
এজাহারে বলা হয়, ঊনবিংশ শতকের শেষভাগে চট্টগ্রামে ব্যবসা পরিচালনাকারী ইজিক্যাল পরিবারের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। প্রকৃত উত্তরাধিকারী না হয়েও এলবার্ট সরকার নিজেকে ওই পরিবারের ওয়ারিশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। এজন্য পরিবারের সদস্যদের মৃত্যু ও সমাধি সংক্রান্ত তথ্য জাল করে ওয়ারিশ, মৃত্যু ও সমাধি সনদ তৈরি করে আদালতে দাখিল করা হয়।
এসব নথির ভিত্তিতে প্রতারণামূলক রায় ও ডিক্রি আদায়ের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুদকের অনুসন্ধানে এলবার্ট সরকারের সঙ্গে ইজিক্যাল পরিবারের কোনো রক্তের সম্পর্ক পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কাউন্সিলর কার্যালয়, গির্জা ও বিভিন্ন দপ্তরের নথি, রেজিস্টার এবং দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য যাচাই করেও সনদগুলোর সত্যতা নিয়ে অসংগতি পাওয়া গেছে।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল নথি তৈরি ও ব্যবহার করে গ্লাডিয়ার মৌজায় ৬১ দশমিক ১৯ শতক সম্পত্তি আত্মসাৎ করেন এবং কর্ণফুলী মৌজায় আরও ৭ দশমিক ৯৪ শতক সম্পত্তি দখল ও হস্তান্তরের চেষ্টা চালান। এ উদ্দেশ্যে বিভিন্ন আদালতে মামলা করে জাল কাগজপত্রের মাধ্যমে রায়-ডিক্রি আদায় এবং সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়।
মামলার বাদী সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন বলেন, জাল সনদ ও কাগজপত্রের মাধ্যমে প্রায় ৬১ শতক সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং আরও প্রায় ৮ শতক সম্পত্তি দখলের চেষ্টার তথ্য-প্রমাণ অনুসন্ধানে পাওয়া গেছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন