নভেম্বর ২৯, ২০২৬, ১০:৫৬ পিএম
ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রক্রিয়া ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ত্বরান্বিত করা সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারত সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক অভিপ্রায় থাকলে এ প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। প্রত্যর্পণ একটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, যা দুই দেশের মধ্যকার চুক্তি এবং নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়।
এ ধরনের প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা ও আইনি বাধ্যবাধকতা জড়িত থাকায় সাধারণত কিছুটা সময় লাগে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ভারত সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুততর করতে পারে বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। বাংলাদেশের অনিষ্পন্ন প্রত্যর্পণ অনুরোধগুলো এগিয়ে নিতে নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। হাদি হত্যার জন্য দায়ীদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে চায় বলেও জানান তিনি।
ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে এমন দণ্ডিত পলাতকদেরও ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ ব্যবস্থার আওতায় জবাবদিহি নিশ্চিত করতে ভারত সহযোগিতা করবে বলে বাংলাদেশ সরকার প্রত্যাশা করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন