রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

বিএমইউতে রেডিওলজি অটোমেশন, পূবালী ব্যাংকের বাস উপহার

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১১:২৪ পিএম

বিএমইউতে রেডিওলজি অটোমেশন, পূবালী ব্যাংকের বাস উপহার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ভবন। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করতে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে।

একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এছাড়া ব্যাংকটির ‍‍`সেলফ সার্ভিস সেন্টার‍‍` উদ্বোধন করা হয়েছে।

পূবালী ব্যাংকের উদ্যোগে ‍‍`স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া‍‍` শীর্ষক অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা।

পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চলপ্রধান আবু লাইস মো. শামসুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন চালুর ফলে চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে। এতে রোগীদের ভোগান্তি কমবে। আলট্রাসনোগ্রামসহ এ বিভাগের অন্যান্য সেবা নিতে রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না।