নভেম্বর ২৯, ২০২৬, ১১:২৯ পিএম
কুমিল্লার বুড়িচংয়ে রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে ১ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে ৫০০ সরিষা চাষি ও ৮০০ উফশী বোরো চাষিকে এই সহায়তা দেওয়া হয়।
সরিষা চাষিরা প্রতি বিঘায় ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। উফশী বোরো চাষিরা প্রতি বিঘায় ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সুবিধা সততা ও স্বচ্ছতার সঙ্গে কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।
সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন