নভেম্বর ৩০, ২০২৬, ১২:৪০ এএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন গীতিকার ও লেখক লতিফুল ইসলাম শিবলী।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে তাকে এক বছরের জন্য গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. লতিফুল ইসলাম শিবলীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
লতিফুল ইসলাম শিবলী জানান, সরকার তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। দেশের শিল্প-সংস্কৃতির বিকাশ, সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং শিল্পীদের প্রতিভা বিকাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভূমিকা আরও এগিয়ে নিতে কাজ করতে চান বলেও জানান তিনি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে দুই বছরের চুক্তিতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন