সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬,

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৬, ১২:২৩ এএম

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি। ছবি: সংগ্রহ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগোসিয়েশন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

এ লক্ষ্যে লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ নির্দেশনা দেন।

সভায় ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতোমধ্যে গৃহীত কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বোর্ডকে অবহিত করা হয়। মন্ত্রী ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্য-সচিব ও ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস. এম. শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

দেশে আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি, নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ইনস্টিটিউটটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় ১ হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়েছে।