সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:২০ পিএম
মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সমাজকে সচেতন করা, তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় রাখা এবং একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারীতে একটি বৃহৎ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চড়াইখোলা চৌধুরীপাড়া ও মুন্সিপাড়া শান্তি-শৃঙ্খলা সংঘের যৌথ উদ্যোগে চড়াইখোলা বসুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। আয়োজিত এই জনসমাবেশে এলাকার বিপুলসংখ্যক অভিভাবক, সচেতন যুবক ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে ধসিয়ে দেয়। অপরাধীদের বিরুদ্ধে আইন যেমন কঠোর, তেমনই যুবসমাজকে রক্ষা করতে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম তার বক্তব্যে উল্লেখ করেন, মাদক একটি জাতির মেধা ও বিবেককে পঙ্গু করে দেয়। তরুণ সমাজকে পড়াশোনা, খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে হবে, যাতে মাদকের অভিশাপ তাদের স্পর্শ করতে না পারে।
জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল পারিবারিক সচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, সন্তান কোথায় যাচ্ছে এবং কাদের সাথে মিশছে, সেই খোঁজ প্রতিটি অভিভাবককে রাখতে হবে। পারিবারিক নজরদারিই মাদক থেকে সন্তানকে রক্ষার প্রধান ঢাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক ভুপতি কুমার বর্মন জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে জানান, মাদক বিক্রি বা সেবনের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তবে শুধু প্রশাসনিক অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও তথ্য প্রদান জরুরি।
নীলফামারী সদর থানার তদন্ত কর্মকর্তা দেওয়ান শাহিন আলম বলেন, মাদকের সরবরাহ ও ব্যবহার পুরোপুরি বন্ধ করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক তৎপর রয়েছে। চড়াইখোলা এলাকাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ স্থানীয় শান্তি-শৃঙ্খলা সংঘের পাশে থাকবে। বিট পুলিশ কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, এলাকায় মাদক সংক্রান্ত কোনো অসামাজিক কার্যক্রম নজরে এলেই তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন শাকিল হাসান চৌধুরী এবং রবিউল হোসাইন সুজন। সমাবেশের সমাপনী পর্বে চড়াইখলা চৌধুরীপাড়া ও মুন্সিপাড়া শান্তি-শৃঙ্খলা সংঘের নেতৃবৃন্দ ঘোষণা দেন যে, এলাকা থেকে চিরতরে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের সামাজিক প্রতিরোধ কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন