ডিসেম্বর ৬, ২০২৫, ০১:০৮ পিএম
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা এবং সমাজ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হালুয়াঘাটে এক প্রাণবন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বক্তারা মাদককে সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ হিসেবে আখ্যায়িত করেছেন।
তারা বিশেষভাবে তরুণদের এই অভিশপ্ত বিপদ থেকে দূরে থাকার আহ্বান জানান। এ ছাড়াও যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে যুক্ত করে উন্নত সমাজ গঠনের গুরুত্বের ওপর এই সমাবেশ থেকে জোর দেওয়া হয়।
এই উদ্যোগ সারাদেশে মাদকবিরোধী আন্দোলনে একটি নতুন প্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার এবং বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট শাখার উপদেষ্টা আলীনূর খান। তিনি মাদকবিরোধী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং যুবসমাজের ইতিবাচক ভূমিকা পালনের প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি শুভসংঘের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমেরও প্রশংসা করেন। সম্মাননা স্বরূপ উপজেলা নির্বাহী অফিসারকে জনপ্রিয় সাহিত্যিক ইমদাদুল হক মিলন স্যারের একটি বই উপহার হিসেবে প্রদান করা হয়।সমাবেশের সভাপতিত্ব করেন শুভসংঘের সভাপতি জিহাদুজ্জামান শিহাব এবং প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাকরিয়া সিথী।
বক্তাদের মধ্যে আরও ছিলেন সহ-সভাপতি রবিউল হাসান, আল শাহরিয়ার বিবেক, আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক পলি ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-তামিমসহ অন্যান্য পদধারী ও সদস্যরা। বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকের বিস্তার পরিবার, তরুণ প্রজন্ম ও রাষ্ট্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই ধ্বংসাত্মক প্রবণতা রোধে তরুণদের অগ্রণী ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি। শুভসংঘ নিয়মিত সাংস্কৃতিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সমাবেশ শেষে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আগামী কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন